ওয়েব ডেস্ক : রেজিনগর উপনির্বাচন (Rejinagar Bypoll) ঘিরে নাটকীয় মোড়। সকালে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করার পরই অবস্থান বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলার পর তিনি জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহার করছেন না।
এর আগে রবিউল জানিয়েছিলেন, নতুন প্রতীক সাধারণ মানুষের কাছে পরিচিত করানো কঠিন এবং কর্মীদেরও মাঠে নামানো যাচ্ছে না। কর্মীদের উপর চাপ রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। সেই কারণেই ভোটে লড়াই করা সম্ভব হবে না বলে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। রবিউলের কথায়, নেত্রীর নির্দেশ মেনেই তিনি ভোটযুদ্ধে থাকবেন।
আরও খবর : পুজোর মুখে টানা দু’সপ্তাহ ট্রেন পরিষেবায় ধাক্কা, বাতিল ৫১টি ট্রেন
রবিউল জানিয়েছেন, কর্মীসংখ্যা কম থাকলেও নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন। তাঁর বক্তব্য, “যতজন থাকবে, তাঁদের নিয়েই হবে।” নতুন প্রতীক নিয়েও লড়াই চালানোর কথা জানিয়েছেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর হয়ে প্রচারে আসবেন কি না, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য নেই।
উল্লেখ্য, নির্বাচন কমিশন তৃণমূলের পুরনো নাম ও প্রতীক নিয়ে সিদ্ধান্ত বদলের পর মমতাপন্থী শিবিরকে নতুন নাম ও ‘ফুটবলার’ প্রতীক দেওয়া হয়েছে। রেজিনগরে মমতা শিবিরের প্রার্থী হিসেবে রবিউল আলম চৌধুরীর নাম আগেই ঘোষণা করা হয়েছিল। ফলে শেষ মুহূর্তে তাঁর সিদ্ধান্ত বদলের পর রেজিনগর উপনির্বাচনে মমতা শিবিরের প্রার্থিতা বহাল থাকল।
