ওয়েব ডেস্ক : ভাইয়ের জন্মদিনে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্ত্রী। তারপর আর ফেরেননি। দেখতে দেখতে কেটে গিয়েছে তিন দশকেরও বেশি সময়। ১৯৯২ সাল থেকে আলাদা থাকা সেই দম্পতির বিবাহবিচ্ছেদ অবশেষে মঞ্জুর করল গুজরাত হাইকোর্ট (Gujrat High Court)। ৬৭ বছরের ওই ব্যক্তি এবং তাঁর ৬৫ বছরের স্ত্রী ১৯৮৯ সালে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তানও রয়েছে।
স্বামীর দাবি ছিল, ১৯৯২ সালের অগস্টে ভাইয়ের জন্মদিনে যাওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিলেন স্ত্রী। তার পর আর বৈবাহিক জীবনে ফেরেননি। ১৯৯৯ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তিনি। তবে ২০১৫ সালে পারিবারিক আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। দীর্ঘদিন ধরে একসঙ্গে না থাকার বিষয়টি স্ত্রী পক্ষও স্বীকার করে নেয়।
আরও খবর : ঝিরাম ঘাটি হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায়, ১০ দোষীকে মৃত্যুদণ্ড দিল এনআইএ আদালত
হাইকোর্টের পর্যবেক্ষণ, স্ত্রীর আলাদা থাকার সিদ্ধান্তের পিছনে কোনও যুক্তিসঙ্গত কারণ প্রমাণিত হয়নি। প্রায় চার দশক ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বৈবাহিক সম্পর্ক না থাকায় আদালত মনে করে, স্বামীর বিরুদ্ধে ‘পরিত্যাগ’ প্রমাণিত হয়নি। ফলে ফ্যামিলি কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, তা প্রমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে বিবাহবিচ্ছেদের সঙ্গে স্ত্রীর আর্থিক সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রেখেছে আদালত। পারিবারিক আদালতের নির্ধারিত মাসিক ১২ হাজার টাকা খোরপোশ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। স্বামী প্রতি মাসে সরাসরি স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা দেবেন। পাশাপাশি স্ত্রীকে তাঁর পেনশন ও অবসরকালীন অন্যান্য সুবিধার একমাত্র নমিনি হিসেবেও রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন স্বামী।
