৪ নেতাকে বহিষ্কার করতেই শোকজ! ডায়মন্ড হারবারের বিজেপি সভাপতির ‘এক্তিয়ার’ নিয়ে প্রশ্ন রাজ্য নেতৃত্বের

Must Read

কলকাতা: দলের নিয়ম ভাঙার অভিযোগে এবার শাস্তির মুখে বিজেপিরই (BJP) এক জেলা সভাপতি। ডায়মন্ড হারবার (Diamond Harbour) সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সোমা ঘোষকে শোকজ করল রাজ্য নেতৃত্ব। অভিযোগ, রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই চার দলীয় নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্তকেই দলের সংবিধান-বিরোধী বলে মনে করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

দলীয় সূত্রে খবর, সোমা ঘোষের কাছে সাত দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে। বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায় তাঁকে চিঠি দিয়ে শোকজের বিষয়টি জানিয়েছেন।

কী কারণে চার নেতার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা-ও জানতে চাওয়া হয়েছে। অভিযোগ, রাজ্য নেতৃত্বকে এড়িয়ে নিজের মতো করে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন জেলা সভাপতি। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় অনুমতি নেওয়া দরকার বলে দলের তরফে জানানো হয়েছে।

যে চার নেতাকে বহিষ্কার করা হয়েছিল, তাঁদের মধ্যে রয়েছেন রামনগরের ২২৭ নম্বর বুথ সভাপতি বিজয় দাস, ২২৪ নম্বর বুথ সভাপতি সঞ্জিত শাসমল, ভাদুরা অঞ্চলের বিজেপি নেতা অশোক কর্মকার এবং রামনগরের ২৩৭ নম্বর বুথ সভাপতি অমিত সর্দার। তাঁরা ফলতা বিধানসভা এলাকার সাংগঠনিক পরিসরের সঙ্গে যুক্ত।

রাজ্য নেতৃত্বের অভিযোগ, এই চারজনকে দল থেকে বাদ দেওয়ার আগে শীর্ষ নেতৃত্বের অনুমোদন নেওয়া হয়নি। ফলে জেলা সভাপতির সিদ্ধান্তের সাংগঠনিক বৈধতা নিয়েই প্রশ্ন উঠেছে।

এখন নজর সোমা ঘোষের জবাবের দিকে। আগামী সাত দিনের মধ্যে তাঁর ব্যাখ্যা খতিয়ে দেখবে দল। বিজেপির তরফে জানানো হয়েছে, জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ করা হতে পারে।

চার নেতাকে বহিষ্কারকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার উল্টে দলের জেলা সভাপতির শোকজ পর্যন্ত গড়াল। ফলে ডায়মন্ড হারবারে বিজেপির অন্দরের এই টানাপড়েন আগামী দিনে আরও কতটা বাড়ে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Latest News

১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, স্টাম্প হাতে নাচ ঈশান-বৈভবের

ওয়েব ডেস্ক: ১৪ বছর পর দলীপ ট্রফি (Duleep Trophy) জিতল পূর্বাঞ্চল (East Zone)। ফাইনালে দক্ষিণাঞ্চলকে (South Zone) হারিয়ে দিল...

More Articles Like This