ওয়েব ডেস্ক: ইউরোপের ক্লাব ফুটবলে একটা কথা চালু আছে। তা হল, চ্যাম্পিয়ন্স (UEFA Champions League) লিগ রিয়াল মাদ্রিদের (Real Madrid) ডিএনএ-তে। তাদের ফর্ম যতই খারাপ থাকুক না কেন, দল যতই ভাঙাচোরা হোক না কেন, চ্যাম্পিয়ন্স লিগে তারা অপ্রতিরোধ্য। রেকর্ড ১৫ বার এই ট্রফি এমনি এমনি আসেনি। মঙ্গলবার রাতেও একই জিনিস দেখা গেল। লা লিগায় অফ ফর্মে থাকা মাদ্রিদের ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল ইন্টার মিলানকে ২-১ ফলে হারিয়ে।
সান্তিয়াগো বার্নাবেউতে ১৪ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করেন দলের সেরা তারকা কিলিয়ান এমবাপে। ২৩ মিনিটে ব্যবধান বাড়ান ফেদেরিকো ভালভার্দে। ৭৭ মিনিটে ইন্টারের হয়ে একটা গোল শোধ করেন কার্লোস অগুস্তো। এরপরে আর গোল হয়নি, পুরো তিন পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে রিয়াল।
আরও পড়ুন: তিন সংস্থার সঙ্গে চুক্তি, বিসিসিআই-এর কোষাগারে ১৩০ কোটি!
অ্যাওয়ে ম্যাচ হলেও পোর্তোর বিরুদ্ধে ২-০ জিতল ম্যাঞ্চেস্টার সিটি। একাই জোড়া গোল করলেন এর্লিং হালান্ড। গোলদুটি হল ৪৭ এবং ৯০+১ মিনিটে। আর এক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও অ্যাওয়ে ম্যাচ জিতেছে। ক্লাব ব্রাগকে তারা ৩-২ ফলে হারিয়েছে। ভিলার হয়ে ১১, ২২ এবং ৪৩ মিনিটে গোল করেন যথাক্রমে জন ম্যাকগিন, এমেলিয়ানো বুয়েন্দিয়া এবং নিকোলাস জ্যাকসন।
আজ রাতে মাঠে নামবে বাকি দলগুলো। গতবারের চ্যাম্পিয়ন পিএসজি, রানার্স আর্সেনাল ছাড়াও খেলবে লিভারপুল, অ্যাতলেটিকো মাদ্রিদের মতো বড় দল। দিনের সেরা ম্যাচ অবশ্যই লিভারপুল বনাম অ্যাতলেটিকো। নাপোলি বনাম আর্সেনাল ম্যাচেও নজর থাকবে ফুটবল প্রেমীদের।
