ওয়েব ডেস্ক : ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবে ভারত সমর্থন জানানোর পর রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত নতুন মানচিত্রকে (Un New Map) ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। মানচিত্রে চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং আকসাই চিনকে (Aksai Chin) ভারতের অংশ হিসেবে না দেখিয়ে দুই দেশের মধ্যবর্তী পৃথক অঞ্চল হিসাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের (India) তরফে স্পষ্ট আপত্তি জানানো হয়েছে।
নয়া মানচিত্রে অরুণাচল প্রদেশের ( Arunachal Pradesh) সঙ্গে নাগাল্যান্ডের সীমানাও আগের মতো দেখানো হয়নি। অরুণাচলের দক্ষিণ দিকে ‘চাইনিজ লাইন’ এবং উত্তর দিকে ‘ইন্ডিয়ান লাইন’ চিহ্নিত করা হয়েছে। একই ধরনের সীমারেখা আকসাই চিনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। ফলে মানচিত্রের উপস্থাপন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আরও খবর : মস্কোয় আটক যোগী-রাজ্যের ইঞ্জিনিয়ার, রুশ সেনায় যোগ দিতে চাপ!
অন্যদিকে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LoC-কে ডটেড লাইন দিয়ে চিহ্নিত করেছে রাষ্ট্রপুঞ্জ (UN)। সেই চিহ্নের ব্যাখ্যাও মানচিত্রের নিচে দেওয়া হয়েছে। কিন্তু অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের ক্ষেত্রে কেন এমন উপস্থাপন করা হয়েছে, তার কোনও পৃথক ব্যাখ্যা দেওয়া হয়নি। ভারত দীর্ঘদিন ধরেই জানিয়ে এসেছে, জম্মু ও কাশ্মীর, লাদাখ, আকসাই চিন এবং অরুণাচল প্রদেশ দেশের অবিচ্ছেদ্য অংশ। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও স্পষ্ট করেছেন, কোনও রাষ্ট্রসংঘের প্রস্তাবকে সমর্থন করার অর্থ নির্দিষ্ট কোনও মানচিত্র বা সীমানা নির্ধারণকে সমর্থন করা নয়।
ভারতের বক্তব্য, দেশের সার্বভৌম ভূখণ্ড অবশ্যই ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী দেখাতে হবে। অরুণাচল প্রদেশ, আকসাই চিন-সহ দেশের ভূখণ্ডগত অবস্থান নিয়ে কোনও আপসের প্রশ্ন নেই বলেও জানানো হয়েছে।
