ওয়েব ডেস্ক : বিমানে ভ্রমণের মতোই অভিজ্ঞতা দিতে এবার নতুন প্রিমিয়াম বাস পরিষেবা চালু করেছে কেরল সরকার (Kerala Government)। কেরালা রাজ্য সড়ক পরিবহন নিগম (Kerala State Road Transport Corporation বা KSRTC)-র এই বাস পরিষেবার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কেরলের নতুন সরকারি বাসটি তিরুবনন্তপুরম থেকে কোচি রুটে চলাচল করছে। প্রায় ২০০ থেকে ২২৭ কিলোমিটারের এই যাত্রাপথে যাত্রীদের জন্য রাখা হয়েছে বিলাসবহুল লেদার সিট। প্রতিটি আসনের সঙ্গে রয়েছে ব্যক্তিগত বিনোদনের স্ক্রিন, ফ্রি ওয়াই-ফাই এবং মোবাইল চার্জ করার পোর্ট।
আরও খবর : ডিউটির সময় সরকারি রাইফেল থেকে গুলি, মৃত্যু মহিলা কনস্টেবলের!
শুধু আরামদায়ক আসনই নয়, এই বাসে যাত্রীদের পরিষেবার জন্য থাকছেন একজন হোস্টেস। যাত্রাপথে যাত্রীদের চা-কফির মতো গরম পানীয় এবং শাওয়ার্মা রোল পরিবেশন করা হচ্ছে। ফলে সাধারণ সরকারি বাসযাত্রার তুলনায় সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা মিলছে বলে দাবি করা হয়েছে।
সবচেয়ে বেশি নজর কেড়েছে বাসের ভিতরের অনবোর্ড বাথরুম। দীর্ঘপথের যাত্রীদের কথা মাথায় রেখে বাসের মধ্যেই এই সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি বিনোদন, ইন্টারনেট, চার্জিং এবং খাবারের ব্যবস্থাও থাকায় পরিষেবাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে।
ভাইরাল হওয়া ভিডিওটি ভ্লগার অজয় জনি শেয়ার করেছেন। পরে ভারতীয় রেলের চিফ প্রজেক্ট ম্যানেজার অনন্ত রূপনাগুড়িও ভিডিওটি এক্স-এ শেয়ার করে পরিষেবাটির প্রশংসা করেন। সব মিলিয়ে কেরলের এই নতুন সরকারি বাস পরিষেবা সাধারণ সড়কযাত্রাকে অনেকটাই প্রিমিয়াম করে তুলেছে।
