ওয়েব ডেস্ক : আকাশে ঘন ছাইয়ের মেঘ। তারই জেরে একের পর এক উড়ান বাতিল, বিমানবন্দর বন্ধ, প্রকৃতির রোষে কার্যত থমকে গেল ইন্দোনেশিয়ার (Indonesia) বিমান পরিষেবা। মাউন্ট আনাক ক্রাকাতাউয়ের লাগাতার অগ্ন্যুৎপাতের (Volcano) ফলে সোমবার দেশের ৮টি বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে। বাতিল হয়েছে ১৫৫০-রও বেশি উড়ান। বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন প্রায় ১ লক্ষ ৭০ হাজার যাত্রী।
জাভা ও সুমাত্রার মাঝের সুন্দা প্রণালীতে অবস্থিত আনাক ক্রাকাতাউ শুক্রবার থেকে বার বার অগ্ন্যুৎপাত (Volcano) হচ্ছে। রবিবারও তিন দফায় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়। লাভা ও ছাই ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে পরিস্থিতির দিকে নজর রেখে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে অন্তত তিন কিলোমিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয়দের।
আরও খবর : ট্রাম্পের মুখ ইরানের মানচিত্রে! AI পোস্টে তেহরানকে ফের হুঁশিয়ারি
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জাকার্তার সুকর্ণ-হাত্তা বিমানবন্দরে। ইন্দোনেশিয়ার (Indonesia) অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর থেকে রবিবারই ২০৯টি উড়ান বাতিল করা হয়েছিল। সোমবারও পরিষেবা বন্ধ থাকে। একই পরিস্থিতি তৈরি হয় জাকার্তার হালিম পেরদানাকুসুমা-সহ দেশের আরও ছয় বিমানবন্দরে।
সবচেয়ে বড় উদ্বেগ তৈরি করেছে ছাইয়ের উচ্চতা। উপগ্রহচিত্রে ধরা পড়েছে দু’টি বিশাল ছাই-মেঘ। একটি প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় জাকার্তা, বানতেন ও পশ্চিম জাভার আকাশে রয়েছে। অন্যটি ছড়িয়ে পড়েছে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায়। ফলে পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিত নয়।
