ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক বিপজ্জনক রিল (Reel) ট্রেন্ড নিয়ে কড়া সতর্কবার্তা দিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DRMC)। চলন্ত মেট্রোর জানালায় মোবাইল ফোন আটকে রেখে ভিডিও তৈরির প্রবণতা সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। এই ধরনের ভিডিও মেট্রোর ভিতরে তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
DMRC-র বক্তব্য, কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর (Content Creator) মেট্রোর জানালার কাচে মোবাইল ফোন আটকে দিয়ে চলন্ত ট্রেনের ভিতর থেকে ভিডিও করছেন। কখনও সাকশন মাউন্ট ব্যবহার করেও ফোন জানালার সঙ্গে আটকে রাখা হচ্ছে। এই ধরনের কাজ অন্য যাত্রীদের অসুবিধা তৈরি করতে পারে। পাশাপাশি ফোন পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও খবর : বিহারে লাইনচ্যুত হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস
ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, কোনও কোনও ক্রিয়েটর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নাচছেন বা পোজ দিচ্ছেন। এরপর ট্রেন ছাড়ার সময় তাঁরা আচমকা ট্রেনের পিছনে দৌড়চ্ছেন। ভিডিও দেখে মনে হয়, যেন তাঁরা ইচ্ছাকৃতভাবে ফোন ট্রেনের ভিতরে ফেলে রেখে যাচ্ছেন। পরে অবশ্য ট্রেনের ভিতরে থাকা অন্য ব্যক্তির সাহায্যে ফোনটি নিরাপদে তুলে নেওয়া হচ্ছে।
বিদেশ থেকে শুরু হওয়া এই ট্রেন্ড পরে ভারতের সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে। দিল্লি মেট্রোর বিভিন্ন স্টেশনে একই ধরনের ভিডিও তৈরি শুরু হওয়ায় বিষয়টি নজরে আসে DMRC-র। একটি স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরের এমনই একটি ভিডিও ১৩.৫ কোটিরও বেশি ভিউ পাওয়ার পর এই প্রবণতা আরও ছড়িয়ে পড়ে। DMRC জানিয়েছে, মেট্রো চত্বরে এই ধরনের ভিডিও করতে গিয়ে কোনও কনটেন্ট ক্রিয়েটর ধরা পড়লে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা এবং মেট্রো পরিষেবায় যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সে কারণেই এই সতর্কবার্তা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
