রেল বিপর্যয়ের সুযোগে আকাশছোঁয়া বাসভাড়া! ১৭০০ টাকার টিকিট ৬ হাজারে, চরম হয়রানিতে যাত্রীরা

Must Read

ওয়েব ডেস্ক : নিউ ফরাক্কা স্টেশনের (New Farakka Station) কাছে রেললাইনের নীচে ধস নামার জেরে উত্তরবঙ্গগামী রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বহু ট্রেন বাতিল করা হয়েছে, আবার কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। ফলে বিকল্প হিসেবে বাসের উপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। পরিস্থিতি সামাল দিতে সরকারি পরিবহণ দফতর স্পেশ্যাল বাস চালালেও তা প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ যাত্রীদের। অন্যদিকে বাস ভাড়াও বেড়েছে অনেকটাই।

শুক্রবার ধর্মতলা ও নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাসে (New Esplanade Bus Terminus) দেখা যায় ব্যাপক ভিড়। অভিযোগ, বেসরকারি বাসের টিকিট কাউন্টারে ‘ডায়নমিক ভাড়া’-র নামে ১৭০০ টাকার টিকিট ৬ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। যাত্রীদের একাংশের দাবি, কয়েক ঘণ্টার ব্যবধানেই টিকিটের দাম ৩০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৫৯০০ টাকা হয়েছে। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়াও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন চিকিৎসার জন্য উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা বহু মানুষ। মালদহের ক্যানসার আক্রান্ত নবকান্ত বসাক (Nabakanta Basak) চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। ট্রেন পরিষেবা অনিশ্চিত হয়ে পড়ায় বাসে বাড়ি ফেরার চেষ্টা করেও সমস্যায় পড়েন তিনি। পর্যাপ্ত বাস না থাকায় শেষ পর্যন্ত এসপ্ল্যানেডে আশ্রয় নিতে হয়েছে তাঁকে। একই সমস্যায় পড়েছেন রায়গঞ্জ-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। শুধু রোগী নয়, পড়ুয়া, ব্যবসায়ী এবং পরিযায়ী শ্রমিকদেরও ভোগান্তি চরমে। কেরলমে (Kerala) কাজ করা একদল শ্রমিক ধূপগুড়ি ফেরার জন্য বাধ্য হয়ে মাথাপিছু প্রায় ১ হাজার টাকা দিয়ে নন-এসি বাসের টিকিট কাটেন। তাঁদের অভিযোগ, এত বেশি ভাড়া দিয়ে বাড়ি ফেরার খরচ জোগানো অত্যন্ত কঠিন।

আরও খবর : নিম্নচাপ সরেও স্বস্তি নেই বাংলায়, শনিবার ফের বৃষ্টির দাপট! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

রেল পরিষেবা বন্ধ থাকায় পর্যটকরাও বিপাকে পড়েছেন। দার্জিলিং যাওয়ার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসের টিকিট কাটা থাকলেও আচমকা ট্রেন বাতিলের বার্তা পান এক যাত্রী। বিকল্প হিসেবে ভলভো বাসের খোঁজ করতে এসে প্রায় ৫৯০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বেসরকারি বাস সংস্থার কর্মীদের দাবি, ভাড়া নির্ধারণে তাঁদের সরাসরি নিয়ন্ত্রণ নেই। অনলাইনে টিকিটের চাহিদা অনুযায়ী ভাড়া ওঠানামা করে এবং সেই দামেই টিকিট বিক্রি করা হয়। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে রাজ্য পরিবহণ দফতর একাধিক অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তা পর্যাপ্ত নয় বলেই অভিযোগ

পরিবহণ দফতর জানিয়েছে, বিকেল সাড়ে ৫টা থেকে প্রতি এক ঘণ্টা অন্তর এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ির উদ্দেশে বাস ছাড়বে। পাশাপাশি, যেসব জেলায় রেল বিপর্যয়ের প্রভাব পড়েছে, সেখানকার জেলাশাসকদের বাস অপারেটরদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অযৌক্তিক ভাড়া নেওয়া হলে প্রয়োজনে বেসরকারি বাস ‘হুকুমদখল’ করে সরকারিভাবে চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) কলকাতাগামী অতিরিক্ত ২৩টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা-শিলিগুড়ি ভায়া মালদহ রুটে অতিরিক্ত ৯টি, কলকাতা-বালুরঘাট রুটে আরও ২টি এবং শিলিগুড়ি-কলকাতা রুটে অতিরিক্ত ১২টি বাস চালানো হবে। সংশ্লিষ্ট বাস পরিষেবা রাত ১২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest News

জল কমলেও কাটেনি বিপদ, সেপ্টেম্বরের শেষে ফের বড় দুর্যোগের আশঙ্কা! সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক : রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি (Flood Situation)। এই উদ্বেগের মধ্যেই প্রশাসনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী...

More Articles Like This