ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলে অপেক্ষার প্রহর গোনা শুরু। কলকাতার মাটিতে ভারতের (India) বিরুদ্ধে খেলতে আসছে ব্রাজিল (Brazil)। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই দলের মুখোমুখি হওয়ার কথা। ম্যাচটি সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলের অন্যতম বড় আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। তার আগেই সোশাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
ব্রাজিল ফুটবল সংস্থার সোশাল মিডিয়া হ্যান্ডেলে হিন্দিতে লেখা একটি ছবি পোস্ট করা হয়েছে—‘আমরা আসছি’। সঙ্গে দেওয়া হয়েছে কলকাতায় (Kolkata) আসার বার্তা। পোস্টে জানানো হয়েছে, এই প্রথম কোনও ব্রাজিল দল ভারতে খেলতে আসছে। ফলে ঐতিহাসিক এই সফর নিয়ে ব্রাজিলের ফুটবল মহলেও যে যথেষ্ট আগ্রহ রয়েছে, তা স্পষ্ট হয়েছে তাদের একাধিক সোশাল মিডিয়া পোস্টে।
আরও খবর : টেস্টে ছক্কার সেঞ্চুরি পন্থের, ৫১ ম্যাচেই বিশ্বরেকর্ড! প্রথম ভারতীয় হিসেবে গড়লেন নজির
পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ায় একটি ম্যাচ খেলার পর ৩০ সেপ্টেম্বর রাতে কলকাতায় পৌঁছনোর কথা ভিনিসিয়াস জুনিয়রদের। ১ ও ২ অক্টোবর শহরেই অনুশীলন করবে ব্রাজিল (Brazil) দল। তার পর ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে যুবভারতীতে নামবে তারা। অনুশীলনের জন্য উপযুক্ত মাঠ বাছাই করতে ব্রাজিলের টেকনিক্যাল টিম আগেই কলকাতায় আসবে। মাঠ প্রস্তুতি এবং দলের নিরাপত্তা নিয়েও স্থানীয় কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।
ব্রাজিলের মতো তারকা-সমৃদ্ধ দলের সফর ঘিরে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়েও চলছে ব্যাপক প্রস্তুতি। পাঁচতারা হোটেলগুলির ব্যবস্থা খতিয়ে দেখে নিজেদের থাকার জায়গা চূড়ান্ত করবে ব্রাজিল কর্তৃপক্ষ। চার্টার্ড বিমানে প্রায় ৯৬ জন প্রতিনিধি কলকাতায় আসবেন বলে জানা যাচ্ছে। ফুটবলারদের থাকার পাশাপাশি ম্যাসাজ রুম, মিটিং রুম-সহ একাধিক বিশেষ ব্যবস্থাও রাখতে হবে। ফলে ম্যাচের অনেক আগেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে ব্রাজিল-বরণ প্রস্তুতি।

