এসআইআর আপিল ট্রাইব্যুনালের বিচারপতির অতিরিক্ত নিরাপত্তা, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার অনুমতি: সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ার আপিল ট্রাইব্যুনাল হিসেবে কর্মরত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নিরাপত্তা বৃদ্ধির আবেদন খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অনুরোধ জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই আবেদন করেছিলেন প্রাক্তন বিচারপতির পুত্র। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনের বেঞ্চ আবেদনটির নিষ্পত্তি করতে গিয়ে আবেদনকারীকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়ার স্বাধীনতা দেন।

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, এই বিষয়টি এমন এক প্রাক্তন বিচারপতির পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর আপিল ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করছেন। আদালতের পর্যবেক্ষণ, আবেদনকারী কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তাঁকে অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর : আপনা থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের গ্রামে রহস্য ঘিরে চাঞ্চল্য

বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর পুত্র তথা আইনজীবী অনন্যা কান্তি রায় সরস্বতী এই আবেদনটি দায়ের করেন। আবেদনে পরিবারের প্রতি আসা হুমকির প্রেক্ষিতে পর্যাপ্ত নিরাপত্তা এবং একটি নিরপেক্ষ তদন্তের নির্দেশ চাওয়া হয়। আবেদনকারীর বক্তব্য, বিচারপতি এবং তাঁর পরিবার সরকারি দায়িত্ব পালনের জেরে হুমকির সম্মুখীন হয়েছেন। আরও দাবি করা হয়, এসআইআর ট্রাইব্যুনাল-সংক্রান্ত নিষ্পত্তি ও বিচারাধীন প্রক্রিয়ায় প্রভাব ফেলার উদ্দেশ্যেই এই হুমকিগুলি দেওয়া হয়েছিল।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ২২ এপ্রিল ২০২৬ ট্রাইব্যুনালে যাওয়ার পথে বিচারপতি সরস্বতী একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। পুলিশ এটিকে একটি পরিকল্পিত ঘটনা বলে মত দেয়। অভিযোগ, এর কয়েক দিন পর, ৩০ এপ্রিল রাজারহাটের বাসভবনে স্পিড পোস্টের মাধ্যমে হাতে লেখা একটি হুমকি-চিঠি পাঠানো হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, পরবর্তী সময়ে আবেদনকারীর কলকাতার বাসভবনেও প্রায় একই ধরনের একটি হুমকি-চিঠি পাঠানো হয় এবং সিসিটিভি (CCTV) সংযোগ বা তারের ব্যবস্থায় কারচুপিও করা হয়। এছাড়া, এসআইআর প্রক্রিয়ার আওতায় আপিল ট্রাইব্যুনালের দায়িত্ব পালনকালে ভোটার তালিকায় মুসলিমদের নাম অন্তর্ভুক্ত না করা হলে বিচারপতি সরস্বতী ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনকারীর অভিযোগ, এসব হুমকি পরিবারকে ভয় দেখানো এবং বিচারিক কাজে বাধা সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে বারবার আবেদন করেও পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে আবেদনকারী হুমকির পূর্ণাঙ্গ মূল্যায়ন, সশস্ত্র পুলিশি নিরাপত্তা এবং তদন্তভার কোনও নিরপেক্ষ সংস্থার হাতে ন্যস্ত করা অথবা আদালতের তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আর্জি জানান। তবে সুপ্রিম কোর্ট এই আবেদনের গুণাগুণ বিচার না করে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছে।

Latest News

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র...

More Articles Like This