ওয়েব ডেস্ক : রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তকে (Krishna Gupta) নিয়োগ করল রাজ্য সরকার। বুধবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সমন্বয় শাখা থেকে প্রকাশিত কলকাতা গেজেটের বিশেষ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। রাজ্যপালের অনুমোদনক্রমে মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই নির্দেশিকা জারি করেছেন।
রাজীব সিনহার অবসরের পর থেকে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি শূন্য ছিল। সেই শূন্যস্থান পূরণের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজকর্মে নতুন গতি আসবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
আরও খবর : তারাতলার মর্মান্তিক ঘটনায় আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর
বর্তমানে কলকাতা, বিধাননগর, হাওড়া, শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কোথাও বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ করা হয়েছে, আবার কোথাও দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় প্রশাসকের হাতেই পুর প্রশাসনের দায়িত্ব রয়েছে। ফলে পুরভোট নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা অনেক দিন ধরেই চলছিল।এই আবহে নতুন নির্বাচন কমিশনার নিয়োগকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক সূত্রের মতে, বিভিন্ন পুরসভায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি দ্রুত শুরু করার লক্ষ্যেই এই নিয়োগ করা হয়েছে। শূন্য পদে নিয়োগ সম্পন্ন হওয়ার ফলে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া আরও দ্রুত এগোতে পারে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের সংবিধানের ২৪৩কে(১) অনুচ্ছেদে রাজ্যপালকে দেওয়া ক্ষমতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর ৩ ও ৩এ ধারার বিধান অনুসরণ করেই এই নিয়োগ কার্যকর করা হয়েছে। আইনসম্মত ও সাংবিধানিক প্রক্রিয়া মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দেখুন অন্য খবর :
