নদিয়া: রাজ্যে পালাবদলের পর বদলে গিয়েছে প্রশাসনিক আবহ, এমনটাই দাবি নদিয়ার (Nadia) শান্তিপুরের (Shantipur) স্থানীয়দের। সেই আবহেই শান্তিপুর জাতীয় সড়কের (Shantipur National Highway) ধারে গড়ে ওঠা অবৈধ দেহব্যবসা ও নেশার আস্তানার বিরুদ্ধে সরব হল প্রমিলা বাহিনী। বৃহস্পতিবার ১২ নম্বর জাতীয় সড়কের কন্দখোলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক দোকান ও অস্থায়ী ঘাঁটির বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় মহিলারা।
অভিযোগ, সন্ধ্যা নামলেই ওই এলাকায় জড়ো হতেন যৌনকর্মীরা। পাশাপাশি রাস্তার ধারের দোকানগুলিতে প্রকাশ্যে বিক্রি হত মদ ও নানা নেশাজাতীয় সামগ্রী। এর জেরে একদিকে যেমন জাতীয় সড়কে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল, অন্যদিকে এলাকার কিশোর-কিশোরীরা বিপথে চালিত হচ্ছিল বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুন: মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কন্দখোলা, শ্যামনগর, মোল্লাবেড়িয়া, আরবালদা-সহ একাধিক এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির কথা পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে অতীতে অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি বলেও দাবি তাঁদের।
বৃহস্পতিবার এলাকার মহিলারা একজোট হয়ে বিভিন্ন দোকানে গিয়ে প্রতিবাদ জানান। হাতে-নাতে কিছু বেআইনি কাজকর্মের অভিযোগও তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, ভবিষ্যতেও যদি এই ধরনের কার্যকলাপ চলতে থাকে, তবে আরও বড় আন্দোলনে নামবেন এলাকার মানুষ।ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষুব্ধদের লিখিত অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের তরফে।
এলাকার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় বাবলা পঞ্চায়েতের বিজেপি প্রধান সুস্মিতা মুন্ডা। তাঁর বক্তব্য, “আগে অভিযোগ জানালেও গুরুত্ব পেত না। এখন মানুষ সাহস করে এগিয়ে আসছেন। এলাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতেই সকলে একজোট হয়েছেন।” এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
