ওয়েব ডেস্ক: জল্পনার অবসান। অবসর ভেঙে ফের ম্যানুয়েল ন্যয়ারকে (Manuel Neuer) জাতীয় দলে ফিরিয়ে আনলেন জুলিয়ান নাগেলসম্যান। আসন্ন ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) জন্য ঘোষিত জার্মানির (Germany National Football Team) ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে প্রথম গোলরক্ষক হিসাবেই রাখা হয়েছে ৪০ বছরের অভিজ্ঞ এই তারকাকে। ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন নয়্যার।
তবে তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং ধারাবাহিক পারফরম্যান্সের কথা মাথায় রেখেই তাঁকে ফের জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী জার্মানি দলের একমাত্র সদস্য হিসাবেও এবারের বিশ্বকাপে থাকছেন নয়্যার। যদিও সেই দলের (Germany WC 2026 Squad) আরেক সদস্য মাটিয়াস গিন্টারের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাঁকে স্কোয়াডে রাখা হয়নি।
আরও পড়ুন: স্বপ্নপূরণ রোনাল্ডোর, অবশেষে সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের
অন্যদিকে দলকে নেতৃত্ব দেবেন জসুয়া কিমিচ। অভিজ্ঞতার বিচারে নয়্যার এগিয়ে থাকলেও অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি তাঁকে। দলে জায়গা ধরে রেখেছেন লেরয় সানে। পাশাপাশি চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন জামাল মুসিয়ালা, যা জার্মানির মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। স্কোয়াডে রয়েছেন কাই হাভার্টজ, ফ্লোরিয়ান উইর্টজ এবং নিকোলাস ভোল্টেমাডের মতো ফুটবলাররাও।
তবে এবারের বিশ্বকাপে জার্মানির স্কোয়াডে বিশেষ নজর কাড়ছেন ১৮ বছরের তরুণ ফরোয়ার্ড লেনার্ট কার্ল, যিনি প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। তবে স্কোয়াডে জায়গা হয়নি নিকলাস ফুলক্রুগ এবং বার্ট আনড্রিখের মতো ফুটবলারের। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং সার্জ নাবরি।
উল্লেখ্য, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। এবার তারা রয়েছে গ্রুপ ‘সি’-তে। জার্মানির সঙ্গে একই গ্রুপে রয়েছে কুরাসাও, আইভোরি কোস্ট এবং ইকুয়েডর। এদিকে বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য জার্মানির নতুন জার্সিও উন্মোচন করা হয়েছে। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে তৈরি এই দল নিয়ে ফের বিশ্বজয়ের স্বপ্ন দেখছে জার্মানির সমর্থকরা।
দেখুন আরও খবর:
