ওয়েব ডেস্ক : কোন্নগরে (Konnagar) এবার চলল বুলডোজার (Bulldozer)। রেল স্টেশনের আন্ডারপাসে দীর্ঘদিন ধরে চলা টোল আদায়ের অফিস (Toll Office) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল প্রশাসনের উপস্থিতিতে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, “এলাকার বেআইনি বহুতলের অবৈধ অংশ কবে ভাঙা হবে?”
বৃহস্পতিবার কোন্নগর রেল স্টেশনের আন্ডারপাস এলাকায় দাঁড়িয়ে থেকে বুলডোজার অভিযান পরিচালনা করেন উত্তরপাড়ার বিজেপি (BJP) বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে টোল গেট বসিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছিল।
আরও খবর : পূর্ত দফতরের বাংলোয় হানা দিয়েই চমকে গেল পুলিশ! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী
বিধায়কের দাবি, নির্বাচিত হওয়ার পর তিনি কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের অনুমতি সংক্রান্ত নথি দেখতে চান। কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনও বৈধ কাগজ দেখানো যায়নি। জানা যায়, ২০০৮ সালে আন্ডারপাসে টোল (Toll) আদায়ের জন্য একটি লিজ দেওয়া হয়েছিল। তবে পরে সেই অনুমোদন আর নবীকরণ করা হয়নি। তা সত্ত্বেও বছরের পর বছর ধরে চলছিল টোল আদায়।
সম্প্রতি অনুমোদনহীন সমস্ত টোল আদায় বন্ধ করার নির্দেশ দেয় রাজ্য সরকার। এরপরই কোন্নগর আন্ডারপাসে টোল তোলা বন্ধ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে। সেই নির্দেশের জেরেই বৃহস্পতিবার বুলডোজার চালিয়ে আন্ডারপাসের সামনে থাকা টোল আদায়ের অফিস ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “উত্তরপাড়ায় বেআইনি কোনও কাজ বরদাস্ত করা হবে না। বেআইনি পার্টি অফিস হোক বা অবৈধ নির্মাণ, সবকিছুর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনার পর এলাকাবাসীর একাংশের দাবি, শুধুমাত্র টোল অফিস নয়, এলাকায় গজিয়ে ওঠা বেআইনি বহুতলগুলির অবৈধ অংশের বিরুদ্ধেও প্রশাসনের একই রকম কড়া পদক্ষেপ করা উচিত।
দেখুন অন্য খবর :
