29 C
Kolkata

দুধের পর এবার পাউরুটি! একলাফে অনেকটা বাড়ল দাম

Must Read

ওয়েব ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারে ফের মূল্যবৃদ্ধির (Milk Price Hike) ধাক্কা। দুধের দাম বাড়ার পর এবার বাড়ল পাউরুটির দামও (Bread Price Hike)। দেশের একাধিক শহরে বিভিন্ন ব্র্যান্ডের পাউরুটির দাম প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানা গিয়েছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচের চাপ আরও বাড়ল।

বেকারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দাবি, কাঁচামালের দাম লাগাতার বাড়তে থাকায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশেষ করে ময়দা, ইস্ট, প্যাকেজিং সামগ্রী ও পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তার উপর জ্বালানির মূল্যবৃদ্ধিও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বলে দাবি তাঁদের।

আরও পড়ুন: ‘এদের বাড়বাড়ন্ত উপেক্ষা করা যায় না…’, পথকুকুরদের মামলায় একাধিক নির্দেশ শীর্ষ আদালতের

বিভিন্ন সংস্থার পাউরুটির ক্ষেত্রে ৩ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ফলে সকালের জলখাবার থেকে শুরু করে টিফিন, বহু পরিবারের নিয়মিত খাবারের তালিকায় থাকা এই পণ্যের খরচও এখন বাড়তি চাপ তৈরি করবে।

ব্যবসায়ী মহলের একাংশের মতে, গত কয়েক মাস ধরেই খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা চলছে। দুধ, ডিম, সবজি, রান্নার গ্যাসের পর এবার পাউরুটির দাম বৃদ্ধি মধ্যবিত্তের উদ্বেগ আরও বাড়াবে। বিশেষ করে ছোট পরিবার ও নিম্নবিত্ত মানুষের উপর এর প্রভাব বেশি পড়তে পারে।

এদিকে ক্রেতাদের একাংশের অভিযোগ, প্রায় প্রতি মাসেই কোনও না কোনও জরুরি পণ্যের দাম বাড়ছে। অথচ আয় সেই হারে বাড়ছে না। ফলে সংসারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম, পরিবহণ ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব ধীরে ধীরে দেশের খুচরো বাজারেও পড়ছে। আগামী দিনে আরও কিছু খাদ্যপণ্যের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This