ওয়েব ডেস্ক: মালদহের কালিয়াচকের ঘটনায় (Malda Kaliachak Incident) নিন্দায় সরব হয়েছে সুপ্রিম কোর্টও। ৮ ঘণ্টা মোথাবাড়ি বিডিও অফিসে আটকে ছিলেন জুডিশিয়াল অফিসাররা। ঘটনায় এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানালেন এডিজি উত্তরবঙ্গ কে জয়রমণ (ADG North Bengal)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাস্টার মাইন্ড মোফাক্কেরুল ইসলামকে। বুধবার রাতে তাঁকে কালিয়াচকের ওই বিপুল জমায়েতের মধ্যে গাড়ির ছাদে উঠে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল। এবার কালিয়াচকের ঘটনা নিয়ে বক্তব্য রাখলেন এডিজি উত্তরবঙ্গ কে জয়রামন (ADG North Bengal)।
উত্তরবঙ্গের এডিজি এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, “রোড ব্লক হয়েছে, সেগুলি নিয়ে মালদহ জেলায় মোট ১৯টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৩৩ জন গ্রেফতার হয়েছে। আমরা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছি। ইটাহার থানার বাসিন্দা, একজন অ্যাডভোকেট। মূলত তিনিই উস্কানি দিচ্ছিলেন। ভাইরাল ভিডিও পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই আইনজীবী কর্মসূত্রে কলকাতায় থাকলেও তার বাড়ি ইটাহার থানা এলাকায়। আর এই ব্যক্তিকেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে প্ররোচনামূলক বক্তব্য রাখতে।সিআইডি ও শিলিগুড়ির পুলিশের সাহায্যে ওই আইনজীবীকে আটক করা হয়েছে বলেও জানান এডিজি উত্তরবঙ্গ। তিনি জনন, ওই ব্যক্তির নামে কালিয়াচকের ৩টে মামলা রয়েছে। আর অন্য কোথাও ওর যোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখবে পুলিশ।
আরও পড়ুন: ‘সিআরপিএফ-এর গাড়ি করে টাকা আসছে!’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক মমতা
গ্রেফতার মোফাক্কেরুল সম্পর্কে তিনি আরও বলেন, “কালিয়াচকের ঘটনায় তিনটি কেসে ওঁর নাম আছে। বাকি জায়গায় অন্য কোনও কেসে ওঁ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখব। আমরা কোনও বেআইনি কার্যকলাপ মানব না। শক্ত হাতে দমন করব। আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ করা হবে।”এডিজি উত্তরবঙ্গ কে জয়রমণ বলেন, তাঁরা এই মুহূর্তে তদন্ত করছেন পুরো বিষয়টা। তারপর সেই নিয়ে রিপোর্ট তৈরি করে জমা দেবে রাজ্য পুলিশ। তবে তিনি এটাও জানিয়েছেন যে, রাজ্য পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা ছিল। উদ্ধারে কিছুটা দেরি হয়েছিল সেটাও মানছেন এডিজি উত্তরবঙ্গ। তবে তিনি এই কোথাও বলছেন যে তাঁদের কোনও গাফিলতি সেদিন ছিল না।এ ছাড়াও তিনি বলেন ওই দিন মোথাবাড়ি বিডিও অফিসের সামনের বিক্ষোভে অনেক মহিলা ও বাচ্চা ছিল। ফলে, তাদের উপর বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া সম্ভব ছিল না। যে কারণে তাঁরা পুলিশ ফোর্স ব্যবহার করতে পারেননি বলেও জানান তিনি।

